সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন নিয়ে নতুন প্রস্তাব উঠেছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে।
প্রস্তাব অনুযায়ী, ১০৫ সদস্যের উচ্চকক্ষে ৫০টি আসন বণ্টন করা হবে সংসদীয় আসনের অনুপাতে, ৫০টি আসন রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। বাকি পাঁচটি আসনে সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি।
শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠকে এ প্রস্তাব দেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক। বৈঠকে উপস্থিত সদস্যদের সূত্রে জানা গেছে, প্রস্তাবটিতে অনেকে সমর্থন জানিয়েছেন।
প্রস্তাবদাতার মতে, এ পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করা হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
বর্তমানে সংসদের উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানে পার্থক্য রয়েছে। সরকারি দল বিএনপির নির্বাচনী ইশতেহারে সংসদীয় আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠনের প্রতিশ্রুতি রয়েছে।