ডিজিটাল শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী দুই বছরে শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ ক্রোমবুক বিতরণ করবে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘোষণা দেন। রবিবার (২৫ অক্টোবর) ইসলামাবাদে ‘প্রধানমন্ত্রী যুব ক্রোমবুক স্কিম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শাহবাজ শরিফ বলেন, তরুণ প্রজন্মের হাতে আধুনিক প্রযুক্তি তুলে দেওয়া রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে অভিহিত করেন। তিনি জানান, শিক্ষার্থীদের আর্থিক অবস্থা যা-ই হোক না কেন, কেবল মেধার ভিত্তিতেই এই ডিভাইসগুলো প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, এই চমৎকার প্রযুক্তি সরঞ্জামগুলো আপনাদের হাতে থাকবে, যাতে মেধা ও দক্ষতার দিক থেকে আপনারা পিছিয়ে না পড়েন। এই ক্রোমবুকগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা দূরবর্তী স্থান থেকে ক্লাসে অংশ নেওয়ার পাশাপাশি নিজেদের ডিজিটাল দক্ষতা বাড়াতে পারবে এবং কর্মসংস্থানের সুযোগ খুঁজতে পারবে বলে জানান তিনি।
শাহবাজ শরিফ উল্লেখ করেন, অতীতে তার দল ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ’ (পিএমএল-এন)-এর নেতৃত্বাধীন সরকারগুলো এক দশকে ৬ লাখ ল্যাপটপ বিতরণ করেছিল। তিনি জানান, নতুন এই কর্মসূচির লক্ষ্য হলো মাত্র দুই বছরের মধ্যে ৫ লাখ ক্রোমবুক বিতরণ করা। তিনি জোর দিয়ে বলেন, দারিদ্র্য যেন মেধাবী শিক্ষার্থীদের প্রযুক্তি ও শিক্ষার সুযোগ পাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়।
এই কর্মসূচির আওতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) অধ্যয়নরত শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, অতীতে আমরা বিশ্ববিদ্যালয় ও কলেজের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও ল্যাপটপ দিয়েছিলাম। নতুন এই ডিভাইসগুলো কেবল শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতেই বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রী শিক্ষার ক্ষেত্রে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন এবং এ প্রসঙ্গে ইসলামাবাদে সম্প্রতি ‘দানিশ স্কুল’ উদ্বোধনের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের উচিত শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া এবং তরুণ প্রজন্মের জন্য প্রয়োজনীয় সব সম্পদ নিশ্চিত করা।
এর আগে আগস্ট মাসে শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছিলেন, চলতি বছর আড়াই লাখ মেধাবী শিক্ষার্থীকে ক্রোমবুক দেওয়া হবে। পাকিস্তান গত বছর তাদের প্রথম গুগল ক্রোমবুক সংযোজন লাইন চালু করেছে। দেশটির কর্মকর্তাদের মতে, সাশ্রয়ী ডিজিটাল প্রযুক্তির প্রাপ্যতা বাড়ানোর পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।